সারাদেশ
কুমিল্লায় মহাসড়কে ঝটিকা মিছিল, নিষিদ্ধ ছাত্রলীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার
কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝটিকা মিছিল বের করার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে আসামিদের আদালতে সোপর্দ করে পুলিশ।
পুলিশ জানায়, শনিবার সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় আইরিশ হোটেলের সামনে হঠাৎ একটি মিছিল বের করা হয়। মিছিলকারীরা সড়কে অবস্থান নিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চালায়। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি দৃষ্টি আকর্ষণ করে আইনশৃঙ্খলা বাহিনীর। এরপরই পুলিশ বিশেষ অভিযান শুরু করে।
এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সেলিম বলেন, “ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জননিরাপত্তা বিঘ্নিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করা এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্য এ ঝটিকা মিছিল বের করা হয়েছিল। এটি ছিল সন্ত্রাসী কর্মকাণ্ডেরই অংশ।”
তিনি আরও জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ থানায় মামলা দায়ের করেছে। মামলায় এজাহারনামীয় ৩০ জনসহ অজ্ঞাতনামা আরও ৪০-৫০ জনকে আসামি করা হয়েছে। মামলার পরপরই কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা এলাকাসহ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, দেশবিরোধী কার্যক্রম ও সন্ত্রাসী তৎপরতার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যেই এই ঝটিকা মিছিল আয়োজন করা হয়েছিল। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।