সারাদেশ

পতেঙ্গায় সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা আজম সোহেল নিহত


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৭:১৫ পিএম

পতেঙ্গায় সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা আজম সোহেল নিহত
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইপিজেড থানা যুবদলের সাবেক সদস্য সচিব আজম সোহেল নিহত হয়েছেন।

শনিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে পতেঙ্গার কাটঘর আম্বিয়া পেট্রোল পাম্পের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পতেঙ্গা থানা পুলিশ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত আজম সোহেল বন্দরটিলা এলাকার বাসিন্দা জাহাঙ্গীর সওদাগরের ছেলে। তিনি এক কন্যা সন্তানের জনক। দীর্ঘদিন ধরে তিনি ছাত্রদল ও যুবদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং ইপিজেড থানায় দলীয় আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

দুর্ঘটনার মাত্র এক ঘণ্টা আগেও তিনি চট্টগ্রাম মহানগরীর একটি দলীয় অনুষ্ঠানে নেতাকর্মীদের সঙ্গে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

তার আকস্মিক মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের মৃত্যুতে চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, ইপিজেড থানা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।