সারাদেশ

খোঁজ নিলাম, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক অনেক কষ্টে এসএসসি পাস করেছেন: আসিফ মাহমুদ


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৬:৪০ পিএম

খোঁজ নিলাম, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক অনেক কষ্টে এসএসসি পাস করেছেন: আসিফ মাহমুদ
আসিফ মাহমুদ। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, খোঁজ নিয়ে জেনেছেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক অনেক কষ্টে এসএসসি পাস করেছেন। শনিবার দুপুরে কুমিল্লার দেশপ্রিয় কনভেনশন হলে দলটির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনের আগে দেশে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেই বলা হতো নির্বাচিত সরকার ক্ষমতায় এলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু বর্তমানে হত্যাকাণ্ড, ধর্ষণসহ নানা ঘটনা আরও বেড়েছে বলে মন্তব্য করেন তিনি।

আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অভিযোগ করেন, দেশে দ্রব্যমূল্য, বিদ্যুৎ ও গ্যাসের দাম বেড়েই চলেছে। গত সতেরো বছরে যে হারে দাম বাড়েনি, সাম্প্রতিক কয়েক মাসে তার চেয়েও বেশি বৃদ্ধি পেয়েছে বলে তিনি দাবি করেন।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, সংকটময় সময়ে দলটি পরিস্থিতি মোকাবেলায় ব্যর্থ হয়। দুই বছর কোনো কিছুর দাম না বাড়ানোর ঘোষণা দিলেও অল্প সময়ের মধ্যেই বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোয় জনগণ হতাশ হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

এনসিপির সাংগঠনিক কার্যক্রম নিয়ে তিনি বলেন, দলটি ইতোমধ্যে দেশের তৃতীয় রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে এবং ছায়া বাজেট প্রণয়ন করেছে। জনগণের প্রত্যাশা ও রাষ্ট্র সংস্কারের লক্ষ্য নিয়েই তারা এগিয়ে যাচ্ছে।

তিনি আরও জানান, আসন্ন বিভিন্ন নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে দলটি এবং আগামী শীতের মধ্যে কয়েক ধাপে নির্বাচন হতে পারে।

নাভিদ নওরোজ শাহ্-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তারিকুল ইসলাম, আবু বাকের মজুমদারসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

অনুষ্ঠান শেষে বিভিন্ন সংগঠনের কয়েকজন নেতা এনসিপিতে যোগদান করেন।