সারাদেশ
কক্সবাজারে ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’
কক্সবাজারের চকরিয়ায় এক বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনায় মা ও তার স্কুলপড়ুয়া মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ স্থানীয়দের সহায়তায় অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৮ জুন) রাত আনুমানিক আড়াইটা থেকে তিনটার মধ্যে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র ডাকাতদল বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। তারা নগদ অর্থ, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নেয়।
একপর্যায়ে বাড়িতে থাকা এক নারী ও তার স্কুলছাত্রী কন্যাকে জিম্মি করে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে ডাকাতরা পালিয়ে যায়।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে মাতামুহুরি তদন্ত কেন্দ্র ও চকরিয়া থানা পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। গুরুতর আহত অবস্থায় মা ও মেয়েকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
ভুক্তভোগী শিশুর মামা সাইদুল ইসলাম মারুফ জানান, তার ভাগ্নির অবস্থা আশঙ্কাজনক। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে এবং মঙ্গলবার ভোর থেকে সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ৬ জনকে আটক করে।
মাতামুহুরি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ মাসুদ ডাকাতি ও ধর্ষণের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
ঘটনাটি এলাকায় ব্যাপক উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।