সারাদেশ

সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৯:৩১ পিএম

সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে উপজেলা বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ জুন) রাত ৯টার দিকে পৌর সদরের পন্থিছিলা এলাকায় এ ঘটনা ঘটে।

এতে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ইরফাদ হোসেন, ইয়াসমিন আক্তার, তারেক, রাকিব, ইকবাল ও মঞ্জুরের নাম জানা গেছে। বাকি চারজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।

আহতদের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার পন্থিছিলা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুম এবং পৌরসভা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আলাউদ্দিনের মধ্যে তীব্র বাগবিতণ্ডা হয়। সেসময় মাঠের ভেতরেই দুই পক্ষ একে অপরকে ‘দেখে নেওয়ার’ হুমকি দেয়।

এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত ৯টার দিকে আলাউদ্দিনের নেতৃত্বে তার অনুসারীরা একটি ঝটিকা মিছিল নিয়ে ফকিরপাড়ার দিকে অগ্রসর হলে মাসুমের অনুসারীদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাধে। ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে আলাউদ্দিনের অনুসারীরা মাসুমের চাচার চায়ের দোকানে হামলা ও ভাঙচুর চালায়। এতে বাধা দিতে গেলে নারীসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।

পন্থিছিলা ওয়ার্ড বিএনপির সভাপতি আবু সিদ্দীক বাল্লা বলেন, কিছু উচ্ছৃঙ্খল যুবকের কারণে এ অপ্রীতিকর ঘটনা ঘটেছে। জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিনুল ইসলাম বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে বাগবিতণ্ডার জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।