সারাদেশ

নামাজ পড়াতে মোটরসাইকেলে মসজিদে যাচ্ছিলেন খতিব, ট্রাকের ধাক্কায় নিহত


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৫:৫৮ পিএম

নামাজ পড়াতে মোটরসাইকেলে মসজিদে যাচ্ছিলেন খতিব, ট্রাকের ধাক্কায় নিহত
ছবি: সংগৃহীত

নোয়াখালীর সুবর্ণচরে সড়ক দুর্ঘটনায় উপজেলা মডেল জামে মসজিদের খতিব মুফতি মাকছুদ আলম (৩৬) নিহত হয়েছেন। বুধবার (ভোর সাড়ে চারটার দিকে) উপজেলার চরবাটা ইউনিয়নের তোতা মিয়ার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাকছুদ আলম উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জনতা বাজার এলাকার নুরুল আলম সওদাগরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে তিনি চরবাটা ইউনিয়নের তোতা মিয়ার বাজার এলাকায় শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। ভোরে সেখান থেকে ফজরের নামাজ পড়ানোর উদ্দেশ্যে মোটরসাইকেলে করে উপজেলা মডেল মসজিদের দিকে রওনা হন।

পথে একটি দ্রুতগতির ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।