সারাদেশ

দুপুরে চুরির জন্য ১০০ রাকাত নামাজ পড়ে ক্ষমা, রাতে মাদকসহ গ্রেফতার সেই চোর


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৮:২৮ পিএম

দুপুরে চুরির জন্য ১০০ রাকাত নামাজ পড়ে ক্ষমা, রাতে মাদকসহ গ্রেফতার সেই চোর
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জে চুরির অভিযোগে আটক এক যুবককে শাস্তির বদলে নফল নামাজ আদায় ও তওবা করিয়ে ছেড়ে দেয় এলাকাবাসী। তবে একই দিন রাতেই মাদক সংক্রান্ত অভিযোগে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় ফকির আস্তানা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোবাইল ফোন ও ব্যাগ চুরির অভিযোগে মো. ফয়জুল করিমকে আটক করেন এলাকাবাসী। পরে তাকে মারধর না করে সংশোধনের সুযোগ দিতে ১০০ রাকাত নফল নামাজ পড়ানো হয় এবং তওবা করিয়ে ছেড়ে দেওয়া হয়। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই রাতে জোরারগঞ্জ থানা পুলিশ মাদক সেবন ও বিক্রির অভিযোগে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার ফয়জুল করিম একই ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।

স্থানীয় যুবক জহির জানান, তাকে শাস্তি না দিয়ে ভালো হওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু রাতেই মাদক মামলায় গ্রেফতারের খবর শুনে তারা হতাশ হয়েছেন। তার মতে, কেউ নিজে থেকে পরিবর্তন না চাইলে তাকে বদলানো কঠিন।

আরেক যুবক আহসান উল্লাহ রাকিব বলেন, অসহায় ভেবে ফয়জুলকে সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু অল্প সময়ের মধ্যেই মাদকসহ গ্রেফতার হওয়ায় বিষয়টি তাদের কাছে অত্যন্ত দুঃখজনক।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল হালিম বলেন, দুপুরে চুরির অভিযোগে স্থানীয়রা তাকে আটক করে নফল নামাজ আদায় করিয়ে ছেড়ে দেন। পরে রাতে মাদক সেবন ও বিক্রির অভিযোগে তাকে গ্রেফতার করা হয় এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।