সারাদেশ

চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, পাশে ছিল আহত স্ত্রী


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৬:৩৪ পিএম

চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, পাশে ছিল আহত স্ত্রী
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই কক্ষে তার স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় পাওয়া গেছে, তবে তাদের ১০ মাস বয়সী শিশুকন্যাকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার বড়তাকিয়া বাজার এলাকায় অবস্থিত একটি হোটেলের ১০৪ নম্বর কক্ষ থেকে আমিনুল ইসলাম (৩২) নামে ওই পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আমিনুল ইসলাম উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের আব্দুল হক মাস্টার বাড়ির আবুল হোসেনের ছেলে। তিনি রাঙামাটি পুলিশ লাইনসে কর্মরত ছিলেন। তার স্ত্রী তাহমিনা আক্তার (২৪) উপজেলার দুর্গাপুর ইউনিয়নের হাজীশ্বরাই এলাকার বাসিন্দা।

হোটেল সূত্রে জানা যায়, রবিবার দুপুর ২টার দিকে আমিনুল ইসলাম তার স্ত্রী ও ১০ মাস বয়সী কন্যাসন্তানকে নিয়ে হোটেলের কক্ষটি ভাড়া নেন। বিকেল ও রাতে তারা দুবার বাইরে যান এবং পরে রাতে কক্ষে ফিরে আসেন।

হোটেল ম্যানেজার সোহান জানান, সকালে অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে বিষয়টি অন্যদের জানানো হয়। পরে ভেতর থেকে দরজা খুললে দেখা যায়, স্ত্রী রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। কক্ষে ঢুকে খাটের পাশে ফ্যানের সঙ্গে আমিনুল ইসলামকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা।

খবর পেয়ে মিরসরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। একই সঙ্গে কক্ষ থেকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়। শিশুকন্যা ফাতিহা আক্তারকে সুস্থ অবস্থায় পাওয়া গেছে।

মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার নাদিম হায়দার চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রামে পাঠানোর প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, মৃত্যুর কারণ এবং স্ত্রী কীভাবে আহত হয়েছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা তদন্ত শেষে জানা যাবে।