সারাদেশ

ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তির একদিন না পেরোতেই মৃত্যু, বিল এলো ২ লাখ ৭৬ হাজার টাকা


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ পিএম

ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তির একদিন না পেরোতেই মৃত্যু, বিল এলো ২ লাখ ৭৬ হাজার টাকা
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে হাসপাতালে ভর্তির একদিন না পেরোতেই ডেঙ্গু আক্রান্ত রাফসান মোহাম্মদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এদিকে হাসপাতালে মাত্র একদিন চিকিৎসা নেওয়ার পর তার পরিবারের কাছে ২ লাখ ৭৬ হাজার টাকার বিল দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় রাফসানের মৃত্যু হয়।

রাফসান সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট তুলাতলি এলাকার সাত নম্বর ওয়ার্ডের মৃত নুরুল আলমের ছেলে। তিন ভাই ও চার বোনের মধ্যে তিনি ছিলেন বড়। একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন রাফসান।

রাফসানের ভগ্নিপতি মোহাম্মদ আসলাম উদ্দিন জানান, প্রায় পাঁচ দিন ধরে জ্বরে ভুগছিলেন রাফসান। পরে ১০ সেপ্টেম্বর তাকে চট্টগ্রাম নগরীর মেরনসিটি নামে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার ১৪ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে তাকে নগরীর ইম্পেরিয়াল হাসপাতাল নামে আরেকটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

পরে রাফসানকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।

রাফসানের ভগ্নিপতি অভিযোগ করেন, সোমবার দুপুর ১২টার দিকে হাসপাতালে ভর্তি করার পর মঙ্গলবার দুপুর ২টার দিকে রাফসানের মৃত্যু হয়। এর মধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষ ২ লাখ ৭৬ হাজার টাকা বিল করেছে, যা তাদের কাছে অতিরিক্ত মনে হয়েছে।