সারাদেশ
ফেনীতে গাঁজা সেবনের সময় ২ মাদকসেবীকে ধরে পুকুর পরিষ্কার করালেন স্থানীয়রা
ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নে গাঁজা সেবনের অভিযোগে দুই যুবককে আটক করেছেন স্থানীয়রা। পরে তাদের বক্তারমুন্সী বাজারের দীর্ঘদিন ধরে ময়লা আবর্জনায় ভরা একটি পুকুর পরিষ্কারের কাজে নিয়োজিত করা হয়।
আটক দুই যুবক হলেন সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের বগাদানা গ্রামের কালা সর্দার বাড়ির দুলাল মিয়ার ছেলে মোহাম্মদ সাকিব, ৪০, এবং আমিরাবাদ ইউনিয়নের আহাম্মদপুর গ্রামের আব্দুল হাদির ছেলে জাহেদ আলম, ৩৮।
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর সকালে মঙ্গলকান্দি ইউনিয়নের ডাকবাংলো সংলগ্ন জসিম ব্রিক ফিল্ড এলাকায় তারা গাঁজা সেবন করছিলেন বলে অভিযোগ ওঠে। পরে মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনারের নেতৃত্বে স্থানীয়রা সেখানে গিয়ে তাদের আটক করেন। এরপর তাদের বক্তারমুন্সী বাজারে নিয়ে গিয়ে দীর্ঘদিন ধরে অপরিষ্কার থাকা পুকুরটি পরিষ্কারের কাজে নামানো হয়।
স্থানীয়রা জানান, এলাকায় মাদক সেবন ও অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে। পরে স্থানীয়ভাবে সচেতনতা তৈরির উদ্দেশে তাদের দিয়ে ময়লা আবর্জনায় ভরা পুকুরটি পরিষ্কার করানো হয়। দিনব্যাপী তাদের দিয়ে এই কাজ করানো হয়, যাতে অন্যরা বিষয়টি দেখে মাদক সেবন থেকে বিরত থাকার শিক্ষা নেয়।
মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার বলেন, দুই ব্যক্তি ব্রিক ফিল্ডে গাঁজা সেবন করছেন এমন খবর পেয়ে তিনি স্থানীয়দের নিয়ে সেখানে যান। পরে তাদের হাতেনাতে আটক করা হয়। স্থানীয়দের পরামর্শে তাদের দিয়ে বক্তারমুন্সী বাজারের দীর্ঘদিনের ময়লা আবর্জনায় ভরা পুকুরটি পরিষ্কার করানো হয়েছে।
তিনি আরও বলেন, ওই দুই যুবক এর আগে একাধিকবার গ্রেপ্তার হলেও জামিনে বের হয়ে আবারও একই ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। তাই স্থানীয়দের পরামর্শে এবার তাদের দিয়ে পুকুর পরিষ্কার করানো হয়েছে। একই সঙ্গে তাদের মাদক সেবন না করতে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।