সারাদেশ

সুবর্ণচরে রাস্তার পাশে মাদরাসাছাত্রের মরদেহ, হত্যার সন্দেহ


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ পিএম

সুবর্ণচরে রাস্তার পাশে মাদরাসাছাত্রের মরদেহ, হত্যার সন্দেহ
ছবি: সংগৃহীত

নোয়াখালীর সুবর্ণচরে ধানক্ষেতের পাশের রাস্তা থেকে মো. নাঈম (১৪) নামে এক মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে ময়নাতদন্ত ও তদন্তের পরই তার মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চরজুবলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মধ্য বাগ্যা গ্রামের এবায়েদ উল্যার বাড়ির সংলগ্ন ধানক্ষেতের পাশের রাস্তা থেকে নাঈমের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নাঈম লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ইব্রাহীম খলিলের ছেলে। সে দীর্ঘদিন ধরে সুবর্ণচরে তার নানার বাড়িতে বসবাস করত। পাশাপাশি চরজব্বর ইউনিয়নের দারুল উলুম মাদানী নগর মাদরাসার নাজেরা বিভাগে পড়াশোনা করত।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে নাঈমের মা-বাবার বিচ্ছেদ হয়। এরপর থেকেই সে সুবর্ণচরে নানার বাড়িতে থেকে মাদরাসায় পড়াশোনা করছিল। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নাঈম বুলু নেতা সমাজের এবায়েদ উল্যার মেয়ের সন্তান।

স্থানীয়রা জানান, ধানক্ষেতের পাশে রাস্তার ওপর নাঈমের মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধারের ঘটনায় প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের বিষয়টি সামনে রেখে তদন্ত করা হচ্ছে। নাঈম কীভাবে এবং কী কারণে মারা গেছে, তার সঙ্গে কারও বিরোধ ছিল কি না কিংবা মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না-এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।