সারাদেশ

নারায়ণগঞ্জে পৃথক ফ্ল্যাট থেকে দুই লাশ উদ্ধার


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪১ পিএম

নারায়ণগঞ্জে পৃথক ফ্ল্যাট থেকে দুই লাশ উদ্ধার
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় পৃথক দুটি বাড়ির ফ্ল্যাট থেকে দুইজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত লাশগুলোর মধ্যে একজন পুরুষের লাশ ছিল বিকৃত ও পচন ধরা।

বুধবার দুপুরে ফতুল্লার হাজীগঞ্জ এলাকা থেকে ঋতু আক্তার (২৩) এবং পশ্চিম লামাপাড়া থেকে ওয়াহিদুজ্জামান রাজীব (৩৬) এর লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাজীগঞ্জের ইমাম উদ্দীনের ভাড়া বাসার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন গার্মেন্টস কর্মী মাসুম মিয়া এবং তার স্ত্রী ঋতু আক্তার। বুধবার সকালে স্থানীয়রা খবর দিলে ঋতু আক্তারের মৃতদেহ তার রুম থেকে উদ্ধার করা হয়। ঘটনার সময় মাসুম মিয়াকে পাওয়া যায়নি। ঋতু আক্তার নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার ঘোলাইল গ্রামের কাসেম মিয়ার কন্যা।

একই সময় পশ্চিম লামাপাড়া এলাকার বাবুল মিয়ারের ভাড়াটিয়ার ফ্ল্যাট থেকে গার্মেন্টসের এক্সসাইজ ব্যবসায়ী ওয়াহিদুজ্জামান রাজীবের বিকৃত পচা লাশ উদ্ধার করা হয়েছে। ওয়াহিদুজ্জামান রাজীব পাবনা জেলার ঈশ্বরদী থানার দিয়ার সাহাপুর গ্রামের মৃত ইয়াকুব আলী সরদারের ছেলে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, একজন নারী ও একজন পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে। তারা ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত রিপোর্টের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।