সারাদেশ
গাজীপুরে নিষিদ্ধ ঘোড়ার মাংস জব্দ, জীবিত উদ্ধার ৩৭টি ঘোড়া
গাজীপুর সিটি করপোরেশনের হায়দরাবাদ এলাকায় অভিযান চালিয়ে বিক্রি নিষিদ্ধ বিপুল পরিমাণ ঘোড়ার মাংস জব্দ করা হয়েছে। অভিযানে ৩৭টি রোগাক্রান্ত এবং জীবিত ঘোড়া উদ্ধার করা হয়েছে। অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ।
মঙ্গলবার (৪ নভেম্বর) দিবাগত রাতে স্থানীয় কসাইখানায় গাজীপুর জেলা প্রশাসন, প্রাণিসম্পদ অধিদপ্তর, র্যাব-১ ও পুলিশ যৌথভাবে এই অভিযান চালায়। আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত চক্রের সদস্যরা পালিয়ে যান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ জানিয়েছেন, জবাই করে মাংস বিক্রির উদ্দেশ্যে এই ঘোড়াগুলো সেখানে আনা হয়েছিল। কাউকে আটক করা সম্ভব না হওয়ায় উদ্ধারকৃত ৩৭টি ঘোড়া এবং জব্দকৃত ৫ মন ঘোড়ার মাংস স্থানীয় একজনের তত্ত্বাবধানে রাখা হচ্ছে। পরে এগুলো গাজীপুর প্রাণিসম্পদ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে। তিনি আরও উল্লেখ করেন, উদ্ধার হওয়া ঘোড়াগুলো অধিকাংশই রুগ্ন এবং মানব স্বাস্থ্যর জন্য ক্ষতিকর।
প্রসঙ্গত, চলতি বছরের শুরুতে হায়দরাবাদ এলাকায় ঘোড়ার মাংস বিক্রি শুরু হয়। বিষয়টি দ্রুত চারপাশে সাড়া ফেলে। পরে জেল প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঘোড়ার মাংস বিক্রি নিষিদ্ধ করেন। যদিও কয়েকদিন এটি বন্ধ থাকলেও গোপন কসাইখানায় পুনরায় ঘোড়ার মাংস বিক্রি শুরু হয়।