সারাদেশ
এনসিপির মশাল মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান, মুহূর্তে উত্তেজনা
নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর এক মশাল মিছিলে হঠাৎ এক যুবকের উচ্চস্বরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বুধবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের লকডাউন কর্মসূচির প্রতিবাদে এই মশাল মিছিল শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি চাষাড়া সলিমুল্লাহ সড়ক হয়ে বাগে জান্নাত জামে মসজিদের সামনে পৌঁছালে হঠাৎ এক যুবক সামনে এসে জোরে ‘জয় বাংলা’ স্লোগান দেন। এতে মিছিলে থাকা নেতাকর্মীদের মধ্যে তাৎক্ষণিক উত্তেজনা সৃষ্টি হয়। কয়েকজন কর্মী ওই যুবককে ধরার চেষ্টা করলেও তিনি দ্রুত মসজিদের পাশের একটি গলিপথে ঢুকে পালিয়ে যান। পরে দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরিস্থিতি সামলে এনসিপির নেতাকর্মীরা পুনরায় মিছিলটি এগিয়ে নিয়ে যান এবং শান্তিপূর্ণভাবে সমাপ্ত করেন। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নিরব রায়হান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, সাবেক মুখপাত্র সারফারাজ হক সজিবসহ এনসিপি, জাতীয় যুবশক্তি, ছাত্রশক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতাকর্মীরা।
ঘটনার বিষয়ে জানতে চাইলে শওকত আলী বলেন, “মিশনপাড়া এলাকায় মিছিলের পেছনের দিক থেকে এক যুবক চিৎকার করে বলল—‘আমি জয় বাংলা করি, আমারে কিছু করো!’ তখন মিছিলে কয়েকজন নারী সদস্যও ছিলেন। তাদের একজন ডাক দিলে আমরা ছেলেটিকে ধরতে এগোই, কিন্তু সে দৌড়ে পালিয়ে যায়। পরে আর তাকে খুঁজে পাওয়া যায়নি।”
তিনি আরও বলেন, “ঘটনাটি সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ছিল। তবে আমাদের নেতাকর্মীরা সংযম দেখিয়ে শান্তিপূর্ণভাবে মিছিলটি শেষ করেছেন।”