সারাদেশ

মানিকগঞ্জে স্কুলবাসে অগ্নিসংযোগ, ঘুমন্ত অবস্থায় দগ্ধ চালক


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ০৯:৫৫ এএম

মানিকগঞ্জে স্কুলবাসে অগ্নিসংযোগ, ঘুমন্ত অবস্থায় দগ্ধ চালক
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের ঢাকা–আরিচা মহাসড়কের শিবালয়ের ফলসাটিয়া এলাকায় একটি স্কুলবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মধ্যরাতে ঘটে যাওয়া এই ঘটনায় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক তাবেজ খান (৪৫) গুরুতর দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) গভীর রাতে দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের পার্কিংয়ে রাখা বাসটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দগ্ধ তাবেজ খান মানিকগঞ্জ সদর উপজেলার বাড়ইবিকুরা এলাকার আবুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রাতের খাবার শেষে বাসের ভেতরেই ঘুমিয়ে ছিলেন চালক তাবেজ। হঠাৎ দুর্বৃত্তরা বাসে আগুন ধরিয়ে দিলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং তিনি আগুনে আটকে পড়েন। তার শরীরেও আগুন লেগে মারাত্মক দগ্ধ হন।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ, শিবালয় থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের ভেতর থেকে দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার বার্ন ইউনিটে রেফার করা হয়।

পরে ফায়ার সার্ভিসের একটি দল দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

শিবালয় থানার সাব-ইন্সপেক্টর (এসআই) সুমন চক্রবর্তী জানান, কে বা কারা বাসটিতে আগুন লাগিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাটি নাশকতামূলক কি না তা খতিয়ে দেখা হচ্ছে এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।