সারাদেশ
সোনারগাঁয়ে গ্যাস লিকেজে বিস্ফোরণ: একই পরিবারের ৪ জন দগ্ধ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।
শনিবার (৬ ডিসেম্বর) ভোরে উপজেলার কাঁচপুর পাটাততা এলাকার একটি ভাড়া বাসায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন- জরিনা বেগম (৬৫), আলাউদ্দিন (৩৫), সাথিয়া আক্তার (১৪) ও সাইমা (৪)।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, চারজনকেই সকালে জরুরি বিভাগে আনা হয়। তাদের মধ্যে আলাউদ্দিনের অবস্থাই সবচেয়ে সংকটাপন্ন- তার শরীরের প্রায় ৪০ শতাংশ পুড়ে গেছে, ফলে তাকে আইসিইউতে রাখা হয়েছে। জরিনা বেগমের শরীরের ২০ শতাংশ, সাইমার ৩০ শতাংশ, এবং সাথিয়ার ১২ শতাংশ দগ্ধ হয়েছে। বাকিদের জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে, প্রয়োজন হলে ওয়ার্ডে স্থানান্তর করা হতে পারে।
দগ্ধ আলাউদ্দিনের বোন সালমা আক্তার জানান, ভোরে আলাউদ্দিন ওয়াশরুমে যাওয়ার সময় রান্নাঘরে হঠাৎ ভয়ংকর শব্দে বিস্ফোরণ হয়। এতে তার পুরো শরীর দগ্ধ হয়। একই ঘরে থাকা তার স্ত্রী ও দুই ভাতিজিও আগুনে আহত হয়। তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা দ্রুত দরজা ভেঙে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তিনি ধারণা করেন, রান্নাঘরের গ্যাস চুলার লিকেজ থেকেই বিস্ফোরণ ঘটেছে।
এ বিষয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহিদুর রহমান বলেন, “এ ঘটনা আমাদের কেউ সরাসরি জানায়নি। তবে আমরা দগ্ধদের হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেয়েছি।”
গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের এ ধরনের দুর্ঘটনা এড়াতে সচেতনতা বাড়ানো এবং ঘন ঘন লিকেজ–পরীক্ষা জরুরি বলে সংশ্লিষ্টরা মনে করছেন।