সারাদেশ

ফরিদপুরের ভাঙ্গায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ০৪:০৮ পিএম

ফরিদপুরের ভাঙ্গায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজনের প্রাণহানি হয়েছে। নিহত দুজনই ইটভাটার ট্রাকের চালক ও সহকারী। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

শনিবার (২৪ জানুয়ারি) বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলার প্রাণিসম্পদ অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ট্রাকচালক নবীন শেখ (২২) ফরিদপুর সদর উপজেলার ধলার মোড় এলাকার শেখ মজিদের ছেলে। অপর নিহত ট্রাকের হেলপার রাশেদ (৩০)। তবে তার বিস্তারিত পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশালগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইটভাটার ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই ট্রাকের হেলপার মারা যান। এ সময় ট্রাকে থাকা শ্রমিক ও বাসের যাত্রীসহ কমপক্ষে ১৫ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় ট্রাকচালককে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে এবং অপরজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।