সারাদেশ

দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ল যাত্রীবাহী বাস


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১১:১৩ এএম

দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ল যাত্রীবাহী বাস
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের একটি বাস ফেরিঘাটের পন্টুন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্ঘটনার সময় বাস থেকে যাত্রী নামানো হচ্ছিল। ফলে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।

ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্ধার কার্যক্রমের প্রস্তুতি নেয়। রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, বাস নদীতে পড়ে যাওয়ার খবর পেয়েছেন এবং ঘটনাস্থলে যাচ্ছেন।

উল্লেখ্য, চলতি বছরের ২৫ মার্চ দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর পল্টুনে ফেরিতে ওঠার সময় কুষ্টিয়ার কুমারখালি থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। ওই মর্মান্তিক দুর্ঘটনায় ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল।