সারাদেশ
দৌলতদিয়ায় নদীতে পড়া বাস উদ্ধার, অল্পের জন্য রক্ষা পেলেন চালকসহ তিনজন
দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস নদীতে পড়ে যাওয়ার পর উদ্ধার অভিযান চালিয়ে বাসটি তুলে আনা হয়েছে। ঘটনাটি ঘটে শুক্রবার (৫ জুন) সকাল ৯টার পর দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট এলাকায়।
পরে সকাল সাড়ে ১০টার দিকে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। প্রায় সাড়ে ১১টার দিকে বাসটি নদী থেকে উদ্ধার করা হয়।
দুর্ঘটনার সময় এস বি পরিবহনের ওই বাসে চালক, হেলপার ও সুপারভাইজার ছিলেন। তাদের আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে বাসে কোনো যাত্রী না থাকায় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি। ফেরিতে ওঠার আগে যাত্রীরা নেমে যাওয়ায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী এস বি পরিবহনের একটি বাস দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। বর্তমানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ২৫ মার্চ একই ঘাটের ৩ নম্বর পন্টুনে কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহন নামের আরেকটি যাত্রীবাহী বাস ফেরিতে ওঠার সময় নদীতে পড়ে যায়। ওই ঘটনায় ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল।