সারাদেশ

নরসিংদীর রায়পুরায় দুই গ্রুপের গোলাগুলিতে স্কুলছাত্রের মৃত্যু


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৩:১৭ পিএম

নরসিংদীর রায়পুরায় দুই গ্রুপের গোলাগুলিতে স্কুলছাত্রের মৃত্যু
ছবি: সংগৃহীত

নরসিংদীর রায়পুরা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে অনিক (২০) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ জুন) ভোর থেকে উপজেলার নিলক্ষা ইউনিয়নের দড়িগাঁও গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন।

নিহত অনিক সাবেক ইউপি সদস্য উসমান মিয়ার ছেলে এবং সবদর আলী খান উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। সকাল ১০টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ ঘটনায় গুলিবিদ্ধ রাজু (৩০) ও মোস্তফা কামাল (৩৭) ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দড়িগাঁও এলাকায় নাজিম উদ্দিন ও আলাল মুন্সি গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এর জেরে মঙ্গলবার ভোরে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় কয়েকজনকে বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরে অংশ নিতে দেখা গেছে।

গোলাগুলির একপর্যায়ে অনিকসহ কয়েকজন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবর রহমান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ও উপজেলা প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।