সারাদেশ
নারায়ণগঞ্জে গার্মেন্টসের বয়লার বিস্ফোরণে ৭ পোশাক শ্রমিক আহত
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি রপ্তানীমুখী পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় সাত শ্রমিক আহত হয়েছেন। শুক্রবার (১৯ জুন) সকালে ফতুল্লার পাগলা তালতলা এলাকায় পুরাতন সড়কের পাশে নির্ঝর নিটওয়্যার গার্মেন্টসে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- শাহীন (২৫), জাকির হোসেন (২৫), সাবিনা বেগম (৩৪), মঞ্জু মিয়া (২৮), আরিফিন (২২), হৃদয় (২৭) ও খাদিজা (২০)।
ঘটনার পর ক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন, এতে এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় উত্তেজিত শ্রমিকরা কারখানার অন্তত ১০ জন স্টাফকে মারধর করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শ্রমিকদের অভিযোগ, কারখানার বয়লারটি অনেক পুরোনো ছিল এবং এটি পরিবর্তনের জন্য মালিকপক্ষকে বারবার বলা হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। সকালে কাজ চলাকালে হঠাৎ বিকট শব্দে বয়লার বিস্ফোরণ ঘটে এবং শ্রমিকরা আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম জানান, শ্রমিকদের অভিযোগ আগে গুরুত্ব পেলে এমন দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো। মালিকপক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।