সারাদেশ

ছেলেকে বিদায় দিতে যাওয়ার পথে প্রাণ গেল মায়ের, থমকে গেল সৌদিযাত্রা


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পিএম

ছেলেকে বিদায় দিতে যাওয়ার পথে প্রাণ গেল মায়ের, থমকে গেল সৌদিযাত্রা
ছবি: সংগৃহীত

ছেলেকে সৌদি আরবে পাঠানোর সব প্রস্তুতি শেষ হয়েছিল। ধারদেনা করে জোগাড় করা হয়েছিল ৪ লাখ ৮০ হাজার টাকা। ছেলেকে বিমানে তুলে দিতে পরিবারের সদস্যদের সঙ্গে হাসিমুখে ঢাকার পথে রওনা হয়েছিলেন মা। কিন্তু সেই যাত্রাই হয়ে উঠল তার শেষযাত্রা। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মোছা. জয়বাহার নামে এক নারী। দুর্ঘটনায় তার স্বামী ও প্রবাসগামী ছেলেও আহত হয়েছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জের ভৈরব ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পাকুন্দিয়া পুলেরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জয়বাহার (৪৫) কিশোরগঞ্জের ইটনা উপজেলার সদর ইউনিয়নের পূর্বগ্রাম শান্তিপুর গ্রামের বাসিন্দা রাশিদ মিয়ার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১২টার দিকে ছেলে নিরবকে সঙ্গে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেন পরিবারের সদস্যরা। পুলেরঘাট এলাকায় পৌঁছালে তাদের বহনকারী গাড়ির সঙ্গে একটি পণ্যবাহী লরির সংঘর্ষ হয়। এতে গাড়িতে থাকা কয়েকজন আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জয়বাহারের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকায় নেওয়া হচ্ছিল। তবে নরসিংদীর ইটেরখোলা এলাকায় পৌঁছানোর আগেই গাড়িতে তার মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত জয়বাহারের ছেলে মো. নিরব অভিযোগ করেন, কিশোরগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর তারা দ্রুত ও প্রয়োজনীয় চিকিৎসা পাননি। সময়মতো চিকিৎসা না পাওয়ায় তার মায়ের শারীরিক অবস্থার আরও অবনতি হয়।

নিহতের ভাতিজা আল আমিন জানান, আগামী শুক্রবার নিরবের সৌদি আরব যাওয়ার কথা ছিল। মাকে হারিয়ে পুরো পরিবার এখন দিশেহারা। তিনি দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।

পরিবার সূত্রে জানা গেছে, রাশিদ মিয়া ও জয়বাহার দম্পতির তিন মেয়ে ও এক ছেলে। পরিবারের আর্থিক সংকট দূর করার আশায় ছেলেকে বিদেশে পাঠানোর প্রস্তুতি নিয়েছিলেন তারা। এ জন্য ঋণ করে ৪ লাখ ৮০ হাজার টাকা জোগাড় করা হয়েছিল।

স্ত্রীকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন রাশিদ মিয়া। আহাজারি করতে করতে তিনি বলেন, ছেলেকে বিদেশ পাঠানোর জন্য ঋণ করে ৪ লাখ ৮০ হাজার টাকা জোগাড় করেছিলেন। এখন স্ত্রীকে হারিয়ে তার সব শেষ হয়ে গেছে।

কটিয়াদী হাইওয়ে থানার উপপরিদর্শক মোহাম্মদ নবীনুর রহমান জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকেই জড়িত পণ্যবাহী লরিটি শনাক্তের চেষ্টা করছে পুলিশ। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।