সারাদেশ

বেনাপোলের ঘিবা গ্রামে ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ০৩:১০ পিএম

বেনাপোলের ঘিবা গ্রামে ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
ছবি: ঢাকাপ্রকাশ

যশোরের বেনাপোলের ঘিবা গ্রামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে গ্রামের একটি ডোবা থেকে পচা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম আব্দুল আলিম (৩০)। তিনি বেনাপোলের সাদিপুর গ্রামের সাহাদত আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে ঘিবা গ্রামের কয়েকজন পথচারী রাস্তার পাশে হাঁটতে গিয়ে ডোবায় একটি মরদেহ ভাসতে দেখেন। তারা বিষয়টি সঙ্গে সঙ্গে বেনাপোল পোর্ট থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

নিহতের ভাই ইব্রাহিম জানান, গত শনিবার আব্দুল আলিম বাড়ি থেকে ঘিবা গ্রামে নানার বাড়ির উদ্দেশ্যে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। দুই দিন পর ডোবা থেকে তার মরদেহ উদ্ধার হলো।

বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) মিলন হোসেন বলেন, “মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

তিনি আরও জানান, মৃত্যুর পেছনে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড রয়েছে কি না, তা উদঘাটনে তদন্ত চলছে।

অন্যদিকে, নিহতের পরিবার ও স্থানীয়দের দাবি, আব্দুল আলিম মানসিক ভারসাম্যহীন ছিলেন। এ কারণে তিনি হয়তো অসাবধানতাবশত ডোবায় পড়ে মারা যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষ হলে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।