সারাদেশ

পাকা কলা ঘুষ নেওয়া সেই কর্মচারী বরখাস্ত


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ০৮:২৬ পিএম

পাকা কলা ঘুষ নেওয়া সেই কর্মচারী বরখাস্ত
আলমগীর হোসেন। ছবি: সংগৃহীত

যশোর জেলা পরিষদের উচ্চমান সহকারী আলমগীর হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। কাজ করে দেওয়ার আশ্বাসে পাকা কলা ঘুষ নেওয়ার অভিযোগে দুদকের গণশুনানিতে নির্দেশ দেওয়ার ১০ দিন পর এ ব্যবস্থা নেওয়া হলো।

বুধবার (৫ নভেম্বর) জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এসএম শাহীন স্বাক্ষরিত এক অফিস আদেশে আলমগীর হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়।

সূত্র জানায়, জেলা পরিষদের জমি ইজারাকে কেন্দ্র করে ঘুষ নেওয়ার অভিযোগে গত ২৬ অক্টোবর যশোর শিল্পকলা একাডেমিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে আলমগীর হোসেন টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করলেও পাকা কলা ঘুষ নেওয়ার বিষয়টি স্বীকার করেন। এ সময় দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

পরে জেলা পরিষদ থেকে জারি করা আদেশে উল্লেখ করা হয়, ঘুষ গ্রহণের অভিযোগ প্রমাণিত হওয়ায় দুদকের সুপারিশের ভিত্তিতে আলমগীর হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি বিভিন্ন স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়ে জেলা পরিষদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে বলেও আদেশে উল্লেখ করা হয়।

এ বিষয়ে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এসএম শাহীন বলেন, “উচ্চমান সহকারী আলমগীর হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হবে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা প্রশাসক ছুটিতে থাকায় বরখাস্তের প্রক্রিয়ায় কিছুটা বিলম্ব হয়েছে।