সারাদেশ

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ০৯:২৮ এএম

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু
ছবি: ঢাকাপ্রকাশ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার হাউলী ইউনিয়নের কাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। দ্রুতগতির মোটরসাইকেলের চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারালে সেটি ছিটকে গিয়ে রাস্তায় পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে আঘাত হানে।

নিহতরা হলেন—দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামের এনামুল হকের ছেলে সেলিম উদ্দিন (২০) এবং একই গ্রামের তারিকুল ইসলামের ছেলে তানজিল আহমেদ (২১)। এ ঘটনায় লোকনাথপুর গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ঘনিষ্ঠ বন্ধু সেলিম ও তানজিল সোমবার দুপুরে সুবলপুর গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে মোটরসাইকেলযোগে নিজ গ্রামের দিকে ফিরছিলেন। বিকেল ৩টার দিকে কাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আসার পর দ্রুতগতির কারণে চালক সেলিম নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তের মধ্যে মোটরসাইকেলটি রাস্তায় পাশে দাঁড়িয়ে থাকা একটি বড় গাছে গিয়ে তীব্রভাবে ধাক্কা লাগে।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল চালক সেলিম উদ্দিন। গুরুতর আহত অবস্থায় সহযাত্রী তানজিল আহমেদকে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিকেল সাড়ে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, “দুই যুবকের মৃত্যুর খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”