সারাদেশ

চুয়াডাঙ্গায় খালে মাছ ধরতে গিয়ে নিখোঁজের কয়েক ঘণ্টা পর মিলল স্কুলছাত্রের মরদেহ


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১১:৩৬ পিএম

চুয়াডাঙ্গায় খালে মাছ ধরতে গিয়ে নিখোঁজের কয়েক ঘণ্টা পর মিলল স্কুলছাত্রের মরদেহ
চুয়াডাঙ্গায় খালে মাছ ধরতে গিয়ে নিখোঁজের কয়েক ঘণ্টা পর মিলল স্কুলছাত্রের মরদেহ। ছবি: ঢাকাপ্রকাশ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় খালে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া দশম শ্রেণির এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

নিহত মোহাম্মদ সায়েম (১৬) নতুন বাস্তপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে এবং দামুড়হুদা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১২টার দিকে সায়েম তার ছোট চাচা জাকির হোসেনের সঙ্গে ঠেলা জাল দিয়ে নতুন বাস্তপুর শামরার মাঠ এলাকার মরগাঙ খালে মাছ ধরতে যায়। এ সময় মাঠ থেকে নেমে আসা প্রবল পানির স্রোতে সে ঠেলা জালসহ খালের পানিতে ভেসে গিয়ে তলিয়ে যায়।

ঘটনাটি বুঝতে পেরে তার চাচা ও স্থানীয়রা দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে ব্যর্থ হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে।

পরবর্তীতে উন্নত সরঞ্জামসহ খুলনা থেকে আসা ডুবুরি দল বিকাল সাড়ে ৫টার দিকে উদ্ধার কাজে যোগ দেয়। কয়েক ঘণ্টার টানা অভিযানের পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সায়েমের মরদেহ উদ্ধার করা হয়।

সায়েমের অকাল মৃত্যুর খবরে তার পরিবারে শোকের মাতম নেমে আসে। পুরো এলাকায়ও বিরাজ করছে শোকের ছায়া।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মেসবাহ্ উদ্দিন জানান, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।