সারাদেশ
বাগেরহাটে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা দায়ের
বাগেরহাটের কচুয়া উপজেলায় একই পরিবারের তিন সদস্যের গলিত মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) দিবাগত রাতে নিহত আহাদ আলীর বড় ভাই ফয়সাল বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কচুয়া থানায় মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা কচুয়া থানার উপপরিদর্শক মো. সিদ্দিকুর রহমান মোল্লা জানান, হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে এবং সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
তিনি আরও জানান, খুলনা সিআইডির একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থল ঘুরে দেখে প্রয়োজনীয় তথ্য ও আলামত সংগ্রহ করেছে। হত্যার পেছনের কারণ উদঘাটনে বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, নিহত তিনজনের ময়নাতদন্ত শেষে বুধবার (৫ আগস্ট) তাদের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার (৪ আগস্ট) কচুয়া উপজেলার রাড়িপাড়া ইউনিয়নের চাঁন্দেরকোলা গ্রামে একটি বসতঘর থেকে একই পরিবারের তিন সদস্য রাশিদা আক্তার, তার মেয়ে মনিরা বেগম এবং নাতি আহাদ আলীর গলিত ও পচনধরা মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।
তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত হত্যার রহস্য উদঘাটন কিংবা এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।