সারাদেশ

খুলনায় ছেলেকে না পেয়ে বাবাকে লক্ষ্য করে গুলি, লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলিবিদ্ধ মা


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৮:২৭ পিএম

খুলনায় ছেলেকে না পেয়ে বাবাকে লক্ষ্য করে গুলি, লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলিবিদ্ধ মা
ছবি: সংগৃহীত

খুলনা নগরীর সোনাডাঙ্গা থানার করিমনগর এলাকায় সন্ত্রাসীদের গুলিতে শিমুল বেগম নামে এক গৃহবধূ গুরুতর আহত হয়েছেন। সোমবার (সকাল ১০টা) দিকে এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, সকালে একটি মোটরসাইকেলে করে তিনজন দুর্বৃত্ত মোবাইল ফোন ব্যবসায়ী মুজিব খানের বাড়িতে আসে। তারা তার ছেলে কলেজছাত্র হৃদয় খানকে খুঁজতে থাকে। হৃদয় বাড়িতে নেই জানালে ক্ষুব্ধ হয়ে দুর্বৃত্তরা মুজিব খানকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

এ সময় গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে দাঁড়িয়ে থাকা তার স্ত্রী শিমুল বেগমের পেটে বিদ্ধ হয়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানিয়েছে, কলেজছাত্র হৃদয় খানের সঙ্গে পূর্বশত্রুতার জের ধরেই এই হামলা চালানো হয়েছে। হামলাকারীদের মূল লক্ষ্য হৃদয় খান হলেও গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে তাঁর মা আহত হন।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে এবং গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।