সারাদেশ
কলকাতার অগ্নিকাণ্ডে নিহত আরও দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত
ভারতের কলকাতায় নিউমার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে আরও দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত হয়েছে। তারা সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাসিন্দা। বুধবার (১৯ আগস্ট) রাত ১০টার দিকে পরিবারের সদস্যরা তাদের মৃত্যুর খবর জানতে পারেন।
নিহতরা হলেন কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামের মৃত ইউনুচ সরদারের ছেলে আলিমুজ্জামান সাজু (৪৫) এবং একই উপজেলার বাসিন্দা রেবতী সরকার। সাজু পেশায় ঘের ব্যবসায়ী ছিলেন। রেবতী সরকারের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।
সাজুর নিকটাত্মীয় মোখলেছুর রহমান পল্টু জানান, কোমরে ব্যথার চিকিৎসার জন্য পাঁচ থেকে ছয় দিন আগে ভারতে গিয়েছিলেন সাজু। বুধবার তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু ওই দিন রাত ১০টার দিকে পরিবারের কাছে হোটেলে অগ্নিকাণ্ডে তার মৃত্যুর খবর আসে।
প্রতিবেশী হাফিজুর রহমান হাফিজ জানান, প্রায় সাত থেকে আট বছর আগে হজ পালন করে দেশে ফেরার পর সাজু জানিয়েছিলেন, তিনি আর বিয়ে করবেন না। এরপর সেভাবেই জীবনযাপন করছিলেন। এলাকায় ভালো মানুষ হিসেবে তার পরিচিতি ছিল।
প্রায় এক বছর আগে সাজুর মা মারা যান। তার বাবাও জীবিত নেই। চার ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। মেঝো ভাই রাজু সরদারও মারা গেছেন। বর্তমানে বড় ভাই সাহেব সরদার ও সেঝো ভাই উজ্জ্বল সরদার জীবিত রয়েছেন।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখা জানিয়েছে, ঘটনাটি জানার পর নিহতদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
এর আগে মঙ্গলবার রাত ২টার দিকে মির্জা গালিব স্ট্রিটের ওই আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত সাত বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। হোটেলটিতে প্রায় ২৫ জন বাংলাদেশি অবস্থান করছিলেন বলে জানা গেছে। নিহতদের মধ্যে কুষ্টিয়ার একই পরিবারের চার সদস্যও রয়েছেন।