সারাদেশ
দলের বাইরে কোনো অনুদান জেলা পরিষদ থেকে যাবেনা: শরীফুজ্জামান শরিফ
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরিফ বলেছেন, জেলা পরিষদ থেকে দলের বাইরে কোনো অনুদান দেওয়া হবে না।
গত শনিবার বিকেলে দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুরে জিয়াউর রহমান ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শরীফুজ্জামান শরিফ বলেন, ‘আমরা নির্বাচিত প্রতিনিধি নই। এই এলাকার জনগণ আমাদের চায় না। দল আমাদের দায়িত্বে বসিয়েছে। এজন্য আমরা এলাকার মানুষের চেয়ে দলের প্রাধান্য বেশি দেব। দলের বাইরে কোনো অনুদান জেলা পরিষদ থেকে দেওয়া হবে না।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জুড়ানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস আলী এবং সাধারণ সম্পাদক রুহুল আমিন।
ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাকে কেন্দ্র করে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।