সারাদেশ

ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেন উদ্ধারে যাওয়া রিলিফ ট্রেনের চাকাও লাইনচ্যুত


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১০ জুন ২০২৬, ১১:১১ এএম

ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেন উদ্ধারে যাওয়া রিলিফ ট্রেনের চাকাও লাইনচ্যুত
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে লাইনচ্যুত ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন উদ্ধারে যাওয়ার পথে রিলিফ ট্রেনের চাকাও লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১০ জুন) সকালে শহরের বাঘমারা এলাকায় এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে জংশনের সুপারিনটেনডেন্ট আব্দুল্লাহ আল হারুন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জামালপুর থেকে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের একটি বগি সকাল ৮টা ৫৫ মিনিটে ময়মনসিংহ শহরের কলেজ রোড এলাকায় লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

পরবর্তীতে লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারে একটি রিলিফ ট্রেন পাঠানো হয়। তবে সেটিও ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ময়মনসিংহ শহরের বাঘমারা এলাকায় একটি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে, ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, দ্রুত সময়ের মধ্যে দুটি ট্রেন উদ্ধারের কাজ চলছে এবং রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।