সারাদেশ

নেত্রকোণায় ৫৫ বছর পর বৃদ্ধের শরীর থেকে বের করা হলো মুক্তিযুদ্ধের গুলি


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৯:২৭ পিএম

নেত্রকোণায় ৫৫ বছর পর বৃদ্ধের শরীর থেকে বের করা হলো মুক্তিযুদ্ধের গুলি
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর ছোড়া একটি গুলি দীর্ঘ ৫৫ বছর ধরে শরীরে বহন করার পর অবশেষে অস্ত্রোপচারের মাধ্যমে তা অপসারণ করা হয়েছে। নেত্রকোণার দুর্গাপুর উপজেলার মন্নাস আলী (৭৫) নামের এক বৃদ্ধের পেট থেকে গুলিটি বের করা হয়।

শনিবার (৪ জুলাই) দুপুরে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার ডা. তানজিরুল ইসলাম রায়হানের নেতৃত্বে একটি চিকিৎসক দল বিনামূল্যে অস্ত্রোপচার করে সফলভাবে গুলিটি অপসারণ করেন।

জানা যায়, উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের হরিয়াউন্দ গ্রামের বাসিন্দা মন্নাস আলী ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর হামলার সময় প্রাণ বাঁচাতে পালানোর চেষ্টা করলে পেটে গুলিবিদ্ধ হন। দারিদ্র্য ও অস্ত্রোপচারের ভয়ের কারণে এতদিন তিনি কোনো চিকিৎসা করাতে পারেননি।

সম্প্রতি বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের উদ্যোগে তাকে হাসপাতালে নেওয়া হয়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে গুলি থাকার বিষয়টি নিশ্চিত হয়ে চিকিৎসকরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।

অস্ত্রোপচার শেষে ডা. তানজিরুল ইসলাম রায়হান জানান, সফলভাবে গুলিটি অপসারণ করা হয়েছে এবং বর্তমানে মন্নাস আলী সুস্থ আছেন। উদ্ধার হওয়া গুলির বিষয়ে পুলিশকে জানানো হয়েছে। আরও কয়েকদিন তাকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হবে বলে জানান তিনি।