সারাদেশ
গরম ডাল ছুড়ে স্ত্রীর মুখ ঝলসানোর পর তালাক, মামলায় কারাগারে স্বামী
জামালপুরের মাদারগঞ্জে গরম ডাল ছুড়ে স্ত্রীর মুখ ঝলসে দেওয়ার অভিযোগে ওবায়দুল ওরফে ডিজে ওবায়দুল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পরে নারী নির্যাতনের মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে।
ঘটনাটি ঘটেছে মাদারগঞ্জ পৌরসভার জোনাইল গ্রামে। ভুক্তভোগী রিক্তা আক্তার জানান, কয়েক বছর আগে জোনাইল বীর গোপালপুর গ্রামের তোতা মিয়ার ছেলে ওবায়দুলের সঙ্গে তার বিয়ে হয়। তাদের দুই সন্তান রয়েছে।
রিক্তা জানান, গত বছর বৈদ্যুতিক দুর্ঘটনায় ওবায়দুলের একটি হাত ক্ষতিগ্রস্ত হলে তিনি স্বামীর পাশে থেকে চিকিৎসায় সহযোগিতা করেন। চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠেন ওবায়দুল।
অভিযোগ অনুযায়ী, এরপর ওবায়দুল টিকটক ও পরকীয়ায় জড়িয়ে পড়েন। কয়েক মাস আগে এসব বিষয়ে প্রতিবাদ করায় রান্না করা গরম ডাল ছুড়ে তার মুখে মারেন ওবায়দুল। এতে রিক্তার মুখ ঝলসে যায় এবং দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পরও তার মুখের আকৃতি স্বাভাবিক হয়নি।
রিক্তার অভিযোগ, এরপরও তার ওপর নির্যাতন চালিয়ে যান ওবায়দুল। পাশাপাশি টিকটকের মাধ্যমে অন্য নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন তিনি। একপর্যায়ে গত সপ্তাহে রিক্তাকে তালাক দেন ওবায়দুল।
এ ঘটনায় রিক্তা আক্তার নারী নির্যাতনের মামলা করলে মাদারগঞ্জ মডেল থানার পুলিশ মঙ্গলবার রাতে ওবায়দুলকে গ্রেফতার করে। বুধবার তাকে কারাগারে পাঠানো হয়।
তবে গ্রেফতারের পর ওবায়দুল অভিযোগ অস্বীকার করে দাবি করেন, তার স্ত্রীর মৃগীরোগ রয়েছে। কাজ করার সময় মৃগীরোগের সমস্যা হলে তিনি গরম পানিতে পড়ে যান। স্ত্রীর চিকিৎসার পুরো খরচ তিনিই বহন করেছেন বলেও দাবি করেন তিনি।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্নেহসীষ রায় ওবায়দুলকে গ্রেফতার ও কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।