সারাদেশ

সেপটিক ট্যাংকে মোবাইল তুলতে গিয়ে ৪ তরুণের মৃত্যু


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ০৯:১০ এএম

সেপটিক ট্যাংকে মোবাইল তুলতে গিয়ে ৪ তরুণের মৃত্যু
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী রাজঘাট ইউনিয়নের দুর্গম হরিণছড়া চা বাগানে ভয়াবহ এক দুর্ঘটনায় সেপটিক ট্যাংকে নেমে গ্যাসের বিষক্রিয়ায় মারা গেছেন চার তরুণ। বুধবার (৯ জুলাই) গভীর রাতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন—রানা নায়েক (১৭), শ্রাবণ নায়েক (১৯), কৃষ্ণ রবিদাস (২০) ও নিপেন ফুলমালি (২৭)। সবাই হরিণছড়া চা বাগানের চা শ্রমিক পরিবারের সদস্য।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সেপটিক ট্যাংকে একটি মোবাইল ফোন পড়ে গেলে একজন যুবক সেটি তুলতে ট্যাংকে নামেন। পরে তিনি ওঠে না আসায় পরপর আরও চারজন তাঁকে উদ্ধারে নেমে পড়েন। কিন্তু গ্যাসের বিষক্রিয়ায় একে একে সবাই অচেতন হয়ে পড়েন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। আহত একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা বলছেন, দুর্ঘটনার সময় কেউ নিরাপত্তা ব্যবস্থা বা প্রশিক্ষিত উদ্ধারকর্মী ছাড়াই ট্যাংকে নামায় বিষাক্ত গ্যাসে শ্বাস নিতে না পেরে সবাই মারা যান।

এই ঘটনার পর চা বাগান এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।