সারাদেশ

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১০:৩১ এএম

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা
আটক আবদুল্লাহ আল মামুন। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আইন বিভাগের সেকশন অফিসার আবদুল্লাহ আল মামুনকে শিক্ষার্থীরা আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

বুধবার (৯ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

আবদুল্লাহ আল মামুন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের সাবেক সভাপতি আবদুল মালেক মেম্বারের ছেলে। তিনি এক সময় আত্মগোপনে থাকা বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আবদুল কাদের মির্জার অনুসারী ছিলেন এবং কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-স্কুলবিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন বলে নোবিপ্রবি প্রেস ক্লাব সূত্র জানিয়েছে।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, ‘জুলাই আন্দোলন’ চলাকালে ঢাবিতে দেশীয় অস্ত্র হাতে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালান মামুন। বুধবার হামলার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ শিক্ষার্থীরা তাকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে যান। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে পুলিশে সোপর্দ করে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সুধারাম মডেল থানার ওসি মোহাম্মদ কামরুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে আবদুল্লাহ আল মামুনকে আটক করে থানায় আনা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।