সারাদেশ

সারা দেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১,৬৬২ জন


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ০৯:০৮ এএম

সারা দেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১,৬৬২ জন
ছবি: সংগৃহীত

সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৬৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি এক হাজার ৪১ জন এবং বিভিন্ন ঘটনায় জড়িত আরও ৬২১ জন রয়েছেন।

বুধবার (২৭ আগস্ট) রাতে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, অভিযানের সময় একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এসব অভিযান দেশের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের চলমান কঠোর অবস্থানেরই প্রতিফলন বলে তিনি উল্লেখ করেন।

এদিকে রাজধানীর মোহাম্মদপুরে চাঁদাবাজির সময় সেনাবাহিনী হাতে-নাতে আটক করেছে সাইফুল ইসলাম (৩৫) নামে এক যুবককে। বুধবার সন্ধ্যায় বেড়িবাঁধ তিন রাস্তার মোড়ে পরিবহন থেকে চাঁদা তোলার সময় তাকে গ্রেপ্তার করা হয়।

সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র ব্রিগেডের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সাইফুল দীর্ঘদিন ধরে ওই এলাকায় বিভিন্ন পরিবহন থেকে জোরপূর্বক চাঁদা আদায় করছিল। কেউ টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মারধর করা হতো। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ধরা হয়।

তিনি আরও বলেন, গ্রেপ্তারের সময় সাইফুলের কাছ থেকে একই এলাকায় চাঁদাবাজি চক্রে জড়িত আরও কয়েকজনের নাম পাওয়া গেছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গ্রেপ্তার সাইফুলকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।