সারাদেশ

বন কর্মকর্তার ১৭ বিয়ে, তুলপাড় দেশ (ভিডিও)


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৪ পিএম

বন কর্মকর্তার ১৭ বিয়ে, তুলপাড় দেশ (ভিডিও)
ছবি: সংগৃহীত

বিদেশে পড়াশোনা, সরকারি চাকরি দেওয়া, বিমানবালা হিসেবে সুযোগ কিংবা সম্পত্তি দেওয়ার প্রলোভনে প্রতারণার মাধ্যমে বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা মো. কবির হোসেন পাটোয়ারী ১৭ জন নারীকে বিয়ে করেছেন ।

বিয়ের অল্প কিছুদিনের মধ্যে যৌতুক দাবি ও শারীরিক নির্যাতনের কারণে একে একে তার সংসার ভাঙে। এভাবে ঢাকা, নারায়ণগঞ্জ, খুলনাসহ বিভিন্ন জেলার নারীরা ওই বন কর্মকর্তার প্রতারণার শিকার হয়েছেন।

গত বৃহস্পতিবার বরিশাল নগরীর কাশিপুর বন সংরক্ষক কার্যালয়ের সামনে মানববন্ধন ওই বন কর্মকর্তার স্ত্রী দাবি করা ১২ জন নারী এসব অভিযোগ করেন।

ভুক্তভোগীরা জানিয়েছেন, বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারী চাঁদপুরের মতলব উপজেলার বাসিন্দা। তিনি এর আগে ঢাকা, খুলনা, সিরাজগঞ্জ, বাগেরহাটসহ বিভিন্ন জেলায় কর্মরত থাকাকালীন বিয়ের নামে প্রতারণা করেছেন। এভাবে ঢাকার নাজনিন আক্তার শীলা, নারায়ণগঞ্জের সোনিয়া, খুলনার নাসরিন আক্তার দোলনসহ ১৭ জন নারী তার প্রতারণার শিকার হয়েছেন।

সবশেষ খুলনার চাকরিজীবী খাদিজা আক্তারকে চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি বিয়ে করেন কবির।

নারীরা জানান, থানায়, আদালতে এবং বন ও পরিবেশ মন্ত্রণালয়ে কবির হোসেনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেও এখনো কোনো প্রতিকার পাননি। একবার দাপ্তরিক প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হলেও প্রভাবশালী মহলের সহায়তায় কবির হোসেন দ্রুত জামিনে মুক্তি পান। তাকে বন বিভাগ থেকে অপসারণসহ গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।

এ বিষয়ে অভিযুক্ত বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা মো. কবির হোসেন পাটোয়ারীর ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ থাকায় কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বরিশালের জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন জানান, ‘বন কর্মকর্তার প্রতারণার মাধ্যমে একাধিক বিয়ের বিষয়টি জানা নেই। ভুক্তভোগী কেউ লিখিত অভিযোগ দায়ের করলে তদন্ত সাপেক্ষে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’