সারাদেশ

ঝালকাঠিতে বাসের ধাক্কায় বিএনপি নেতা নিহত


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ০৪:০৮ পিএম

ঝালকাঠিতে বাসের ধাক্কায় বিএনপি নেতা নিহত
ছবি: সংগৃহীত

ঝালকাঠির রাজাপুরে বাসের ধাক্কায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকন নিহত হয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে রাজাপুর-ভান্ডারিয়া মহাসড়কের নলবুনিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নাসিম আকন একটি ঠিকাদারি কাজ পরিদর্শন শেষে মোটরসাইকেলযোগে রাজাপুরে ফিরছিলেন। পথে পাথরঘাটাগামী হামিম পরিবহনের একটি দ্রুতগামী বাস পেছন দিক থেকে তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের গোড়ায় ধাক্কা খেয়ে পাশের ডোবায় পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল মালেক জানান, দুর্ঘটনার পর ঘাতক বাস ও চালক পালিয়ে যায়। তাদের আটক করার জন্য অভিযান চলছে।

রাজাপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবুল খায়ের মাহমুদ রাসেল বলেন, “তাকে হাসপাতালে আনার সময় তার চেতনা ছিল। তবে শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় বরিশাল পাঠানো হয়। পথে তিনি মারা যান।”

স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে এ মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। তারা নাসিম আকনের আত্মার মাগফিরাত কামনা ও দুর্ঘটনার দায়ীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।