সারাদেশ

শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রি সেলসিয়াস


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১১:৪৭ এএম

শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রি সেলসিয়াস
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সকাল ৬টা থেকে ৯টার মধ্যে তাপমাত্রা ১২.৫ ডিগ্রি সেলসিয়াসে নামতে দেখা গেছে।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শীতের তীব্রতা কিছুটা কম অনুভূত হলেও সকালে প্রকৃতির কুয়াশা ও শিশিরে ভেজা পরিবেশ সাধারণ জীবনযাত্রাকে ব্যাহত করছে।

শ্রীমঙ্গল জেলা চা বাগান, হাওর এবং পাহাড় দ্বারা ঘেরা হওয়ায় ভোরবেলা থেকে কুয়াশার চাদর এবং শীতের তীব্রতা দৃশ্যমান। সন্ধ্যার দিকে শীত আরও প্রকট হয়ে উঠছে। এ পরিস্থিতিতে গরম কাপড়ের চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে চা শ্রমিক অধ্যুষিত এলাকা ও শ্রীমঙ্গল স্টেশনের ফুটপাতে শীতবস্ত্রের চাহিদা বেড়েছে।

শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় শিশু ও বয়স্কদের মধ্যে নিউমোনিয়া, সর্দি-কাশি ও হাঁপানির মতো শীতজনিত রোগও বাড়ছে। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন জানিয়েছেন, গত সপ্তাহের তুলনায় রোগীর সংখ্যা বেড়েছে।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়া কর্মকর্তা দিলীপ বৈষ্ণব জানান, বৃহস্পতিবার ভোর ৬টা ও সকাল ৯টায় তাপমাত্রা ১২.৫ ডিগ্রি সেলসিয়াসে রেকর্ড করা হয়েছে।