সারাদেশ

দর্শনা আইসিপি সীমান্তে বিজিবি-বিএসএফ অধিনায়ক পর্যায়ের বৈঠক


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ১২:৩৪ পিএম

দর্শনা আইসিপি সীমান্তে বিজিবি-বিএসএফ অধিনায়ক পর্যায়ের বৈঠক
ছবি: ঢাকাপ্রকাশ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গার দর্শনা আইসিপি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে অধিনায়ক পর্যায়ের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৫টা ১৫ মিনিট পর্যন্ত দর্শনা বন্দরের আইসিপি সীমান্ত এলাকার ৭৬ নম্বর মেইন পিলারের কাছে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান এবং ৫৮ বিজিবি মহেশপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন ৬ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মাসুদ, মেজর তোয়াসীন হাবীব হাসান এবং সহকারী অধিনায়ক মো. রাজ মাহমুদ।

অন্যদিকে বিএসএফের পক্ষে ৩২ বিএসএফ সীমানগর ব্যাটালিয়নের কমান্ডেন্ট সুজিত কুমারের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়।

বৈঠকে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পায়। নির্বাচনের সময় যেন ভারত থেকে কোনো ধরনের অস্ত্র, গোলাবারুদ বা বিস্ফোরক বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর সতর্কতা ও সমন্বিত কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এছাড়া সীমান্ত নিরাপত্তা জোরদার করতে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধ, সীমান্তে কোনো ধরনের হত্যাজনিত ঘটনা এড়ানো, টহল তৎপরতা বৃদ্ধি, গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখা এবং সীমান্তবর্তী এলাকায় সাধারণ মানুষের ওপর অনাকাঙ্ক্ষিত গুলি বর্ষণ না করার বিষয়েও আলোচনা করা হয়। বিজিবি সূত্র জানায়, এসব বিষয়ে বিএসএফ কমান্ডার একমত পোষণ করেন।

বৈঠক শেষে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সুসম্পর্ক বজায় রেখে সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার ব্যাপারে ঐকমত্য প্রকাশ করা হয়। শান্তিপূর্ণ পরিবেশে বৈঠকটি শেষ হয়।