সারাদেশ
মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত
যশোরের শার্শা উপজেলার বালুন্ডা গ্রামে বোমা বিস্ফোরণে নুরজাক সর্দারের ছেলে আব্দুল কাদের (৩৫) ও আব্দুল বারিক সর্দারের ছেলে জাকির হোসেন (৪০) নামে দুই যুবক গুরুতর আহত হয়েছেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে মালয়েশিয়া প্রবাসী জাকির হোসেনের বাড়ির টয়লেট নির্মাণের জন্য মাটি খননের সময় বিকট শব্দে বোমাটি বিস্ফোরিত হয়। এ সময় কাদের ও জাকির মারাত্মকভাবে আহত হন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বালুন্ডা গ্রামের কাচারি পুকুরপাড় এলাকায় সকালে মালয়েশিয়া প্রবাসী জাকির হোসেনের বাড়িতে শৌচাগারের হাউজ নির্মাণের জন্য শ্রমিক কাদের ও জাকির মাটি কাটছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দে মাটির নিচে পুঁতে রাখা একটি বোমা বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে এবং শ্রমিক কাদের ও জাকির রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, বোমা বিস্ফোরণের খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ধারণা করা হচ্ছে, আগে থেকেই কেউ নাশকতার উদ্দেশ্যে মাটির নিচে বোমাটি পুঁতে রেখেছিল। বিস্ফোরণস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। সেখানে আরও বোমা পুঁতে রাখা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।