সারাদেশ
মুন্সিগঞ্জে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২
মুন্সিগঞ্জ সদর উপজেলায় বিএনপি ও এক স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়েছেন অন্তত দুইজন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি উত্তপ্ত হলে গুলির শব্দ শোনা যায় এবং এতে দুইজন আহত হন। তবে তাৎক্ষণিকভাবে গুলিবিদ্ধদের নাম ও পরিচয় জানা যায়নি।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেন।