সারাদেশ
বগুড়া থেকে ধাওয়া করে হিরো আলমকে গ্রেপ্তার
বিয়ের প্রতিশ্রুতি ও নায়িকা বানানোর আশ্বাস দিয়ে ধর্ষণ এবং নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম–কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার ঢাকা–বগুড়া মহাসড়কের থানা সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–১–এ দায়ের করা একটি মামলায় গত ১০ ফেব্রুয়ারি আদালত হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সম্প্রতি সেই সংক্রান্ত নির্দেশনা পুলিশ হাতে পায়।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় তিনি নিজ এলাকায় অবস্থান করছেন। তাকে আটক করতে গেলে তিনি ঢাকায় পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে ধাওয়া করে শাজাহানপুর থানা সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ৬ মে এক নারী বাদী হয়ে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–১–এ মামলা করেন। অভিযোগ তদন্ত শেষে পিবিআই আদালতে অভিযোগপত্র দাখিল করে। অভিযোগের সত্যতা না পাওয়ায় মামলার অপর পাঁচ আসামিকে অব্যাহতি দেওয়া হয়েছে।
অভিযোগে বলা হয়, বিয়ের প্রতিশ্রুতি ও চলচ্চিত্রে কাজের সুযোগ দেওয়ার আশ্বাস দিয়ে একাধিকবার ওই নারীকে ধর্ষণ করা হয়। পরে তাকে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন স্থানে বাসা ভাড়া নিয়ে একসঙ্গে বসবাসের অভিযোগও রয়েছে। একপর্যায়ে অন্তঃসত্ত্বা হলে গর্ভপাতের জন্য চাপ দেওয়া এবং মারধরের ঘটনাও উল্লেখ করা হয়েছে। এতে অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ছাড়া সিনেমা নির্মাণের কথা বলে প্রায় ১৫ লাখ টাকা ধার নেওয়ার অভিযোগও অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।