সারাদেশ
চুয়াডাঙ্গায় ৫ ব্যবসায়ীকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা
চুয়াডাঙ্গা শহরের বড় বাজার এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৫ টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উদ্যোগে এ তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়।
এসময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ধারায় উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখবিহীন দই এবং নোংরা ও নষ্ট মিষ্টি বিক্রির দায়ে কার্তিক চন্দ্র বসুর প্রতিষ্ঠান বসু সুইটসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও নিষিদ্ধ কসমেটিকস বিক্রির দায়ে একই আইনের ৪৫ ধারায় টিনা দেবীর পলক গিফট কর্নারকে ২৫ হাজার টাকা, মো. হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মেসার্স সওদাগর গিফট গার্ডেনকে ২৫ হাজার টাকা, মো. দেলোয়ার হোসেনের মা রোকেয়া ট্রেডার্সকে ৫০ হাজার টাকা এবং মোছা. মাহফুজা খাতুনের মামুন গিফট কর্নারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজারের বিভিন্ন হোটেল, পাইকারি ভোজ্যতেল ও মসলার দোকানেও তদারকি করা হয়। ব্যবসায়ীদের আইন মেনে মানসম্মত পণ্য ক্রয়-বিক্রয়, ভাউচার সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রি না করার জন্য নির্দেশনা দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
এসময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলামসহ জেলা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।