সারাদেশ

দুপুরে বিয়ে, বিকেলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বর-কনের


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ১০:৪৩ পিএম

দুপুরে বিয়ে, বিকেলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বর-কনের
ছবি: সংগৃহীত

বাগেরহাটের রামপালে নৌবাহিনীর একটি বাস ও যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে বর-কনেসহ ১৩ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) উপজেলার বেলাইব্রিজ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ের অনুষ্ঠান শেষে বরযাত্রীদের বহনকারী মাইক্রোবাসটি মোংলার দিকে যাচ্ছিল। পথে বেলাইব্রিজ এলাকায় খুলনাগামী নৌবাহিনীর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বেশ কয়েকজন প্রাণ হারান।

নিহতদের মধ্যে রয়েছেন বর আহাদুর রহমান সাব্বির ও কনে মারজিয়া আক্তার মিতু। এছাড়া কনের বোন লামিয়া, নানি আনোয়ারা বেগম, দাদি রাশিদা বেগম, বরের বাবা বিএনপি নেতা আব্দুর রাজ্জাকসহ মোট ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আরও রয়েছেন আঞ্জুমান, পুতুল, ঐশী, মাইক্রোবাসচালক নাঈম শেখ, শিশু ইরাম, সামিউল ও আলিফ।

নিহত কনের মামা আবু তাহের জানান, কয়রা উপজেলা-র নাকশা এলাকায় বৃহস্পতিবার দুপুরে মারজিয়া আক্তার মিতুর বিয়ে অনুষ্ঠিত হয়। পরে বরযাত্রীদের নিয়ে মাইক্রোবাসটি মোংলা উপজেলার শেলাবুনিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। বিকেলের দিকে রামপালের কাছে দুর্ঘটনার খবর পাওয়া যায়।

রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকান্ত কুমার পাল জানান, তাদের হাসপাতালে চারজনের মরদেহ রাখা হয়েছে।

অন্যদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এর জরুরি বিভাগের চিকিৎসক মাসরুর আহসান জানান, রাত ৯টা পর্যন্ত সেখানে ৯ জনের মরদেহ আনা হয়েছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।