সারাদেশ
জ্বালানি তেল কেলেঙ্কারিতে যুবদলের দুই নেতা বহিষ্কার
যশোরে জ্বালানি তেল নিয়ে অনিয়মের অভিযোগে যুবদলের দুই নেতার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
সোমবার (৩০ মার্চ) রাতে তাদের দল থেকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।
সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বহিষ্কৃতরা হলেন চুড়ামনকাটি ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক শামীম কবির ওয়াসিম এবং একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য জাকির হোসেন জিকো দফাদার।
অভিযোগ রয়েছে, তারা যশোর সদর উপজেলার শানতলা এলাকার একটি ফিলিং স্টেশন থেকে সংগঠনের নাম ব্যবহার করে জোরপূর্বক পেট্রোল নিয়ে পরে তা খোলাবাজারে বেশি দামে বিক্রি করেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের বিরুদ্ধে সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে এবং এই ধরনের কর্মকাণ্ড দলীয় নীতিমালার পরিপন্থি। ফলে তাদের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি দলের অন্য নেতা-কর্মীদেরও তাদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির বিষয়টি ছড়িয়ে পড়লে রোববার দুপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে সিসিটিভি ফুটেজে ঘটনার সত্যতা মিললে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। তারই ধারাবাহিকতায় পরদিন বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করা হয়।