সারাদেশ
টেকনাফে তিনজনের মরদেহ উদ্ধার, অপহরণের পর হত্যার অভিযোগ
কক্সবাজারের টেকনাফে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে বাহারছড়া ইউনিয়নের শীলখালী পাহাড়সংলগ্ন এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা অপহরণের পর ওই তিনজনকে নির্মমভাবে হত্যা করে সেখানে ফেলে রেখে যায়। নিহতদের মধ্যে শীলখালীর বাসিন্দা রবি আলমের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তবে অন্য দুইজনের পরিচয় এখনো জানা যায়নি।
স্থানীয় ইউপি সদস্য হুমায়ুন কাদের জানান, সকালে পাহাড়ের পাদদেশে তিনটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় বা ভোরের দিকে তাদের অপহরণ করে হত্যা করা হয়। নিহতদের একজন তার আত্মীয় বলেও তিনি উল্লেখ করেন।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক দুর্জয় বিশ্বাস ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং হত্যার কারণ উদঘাটনে তদন্ত চলছে।