সারাদেশ

বিকলাঙ্গ সন্তানকে বাবার অস্বীকৃতি, ঢাল হয়ে দাঁড়ালেন মা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৩:০৭ পিএম

বিকলাঙ্গ সন্তানকে বাবার অস্বীকৃতি, ঢাল হয়ে দাঁড়ালেন মা
ছবি: সংগৃহীত

পিরোজপুরের নেছারাবাদে জন্মগত শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে জন্ম নেওয়া এক নবজাতককে ঘিরে হৃদয়বিদারক ঘটনার সৃষ্টি হয়েছে। শিশুটিকে গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছেন তার পিতা, তবে মায়ের ভালোবাসা ও দৃঢ়তায় সে সিদ্ধান্ত ভেস্তে গেছে।

গত ২২ এপ্রিল রাতে উপজেলার মিয়ারহাট বন্দরের নিউ সততা প্রাইভেট হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ছেলে সন্তানের জন্ম দেন লিজা আক্তার। জন্মের পর দেখা যায়, শিশুটির দুই পা ও একটি হাত নেই।

জানা গেছে, নবজাতকের পিতা দিনমজুর আল আমিন সন্তানটির শারীরিক অবস্থার কথা জেনে তাকে নিতে অস্বীকৃতি জানান। এমনকি শিশুটিকে অন্যত্র দিয়ে দিতে বা ফেলে আসার কথাও বলেন। তবে মা লিজা আক্তার সেই প্রস্তাব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন।

লিজা আক্তার জানান, এটি তার তৃতীয় সন্তান। তিনি ঢাকায় দিনমজুরের কাজ করতেন এবং সন্তান জন্মের আগে বাড়িতে আসেন। সন্তান জন্মের পর স্বামীর এমন আচরণ তাকে মানসিকভাবে ভেঙে দিলেও তিনি সন্তানের পাশে থাকার সিদ্ধান্ত নেন। তার ভাষায়, সন্তান যেমনই হোক, তিনি তাকে কখনো ত্যাগ করবেন না।

এ ঘটনার মানবিক দিক বিবেচনায় হাসপাতাল কর্তৃপক্ষ এগিয়ে এসেছে। নিউ সততা প্রাইভেট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মোস্তফা জানান, মা ও শিশুর চিকিৎসার সব খরচ মওকুফ করা হয়েছে। অপারেশন পরিচালনাকারী চিকিৎসক ডা. প্রীতিষ বিশ্বাসও তার ফি নেননি।

চিকিৎসকরা জানিয়েছেন, জিনগত কারণ বা গর্ভকালীন পর্যাপ্ত চিকিৎসার অভাবে এমন শারীরিক ত্রুটি নিয়ে শিশু জন্ম নিতে পারে। যদিও অপারেশনটি ঝুঁকিপূর্ণ ছিল, তা সফলভাবে সম্পন্ন হয়েছে।

এদিকে, মায়ের এমন অটল অবস্থান স্থানীয়দের মাঝে প্রশংসা কুড়িয়েছে। একই সঙ্গে শিশুটির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে সহৃদয় ব্যক্তিদের সহায়তার আহ্বান জানিয়েছেন তিনি।