সারাদেশ

৩ দিন বন্ধের পর বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি ও যাত্রী পারাপার স্বাভাবিক


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ পিএম

৩ দিন বন্ধের পর বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি ও যাত্রী পারাপার স্বাভাবিক
ছবি: ঢাকাপ্রকাশ

তিন দিন বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। স্বাভাবিক হয়েছে পাসপোর্টধারী যাত্রী পারাপারও।

আমদানি-রপ্তানি চালু হওয়ায় আবারও প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে দুই দেশের বন্দর এলাকায়।

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনকে ঘিরে বাংলাদেশ-ভারত সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়। এ কারণে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রাখা হয় এবং চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপারও স্থগিত করা হয়। তবে এ সময় পচনশীল পণ্য আমদানি-রপ্তানি চালু ছিল এবং সীমিত পরিসরে যাত্রী পারাপার চলেছে।

বন্দর সূত্রে জানা গেছে, ২৯ এপ্রিল উত্তর ২৪ পরগনার বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে জেলা প্রশাসনের নির্দেশনায় সোমবার (২৭ এপ্রিল) সকাল থেকে ২৯ এপ্রিল ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্যসহ চেকপোস্ট দিয়ে সব ধরনের পাসপোর্টধারী যাত্রী পারাপার বন্ধ রাখা হয়। তবে জরুরি প্রয়োজন ও চিকিৎসার ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হয়েছিল।

বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন জানান, পশ্চিমবঙ্গের নির্বাচনের কারণে তিন দিন বন্ধ থাকার পর আজ সকাল থেকে আবারও বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য স্বাভাবিক হয়েছে।