সারাদেশ

নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকসহ নিহত ৩  


প্রতিনিধি, নওগাঁ
প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৬:৩৮ পিএম

নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকসহ নিহত ৩  
ছবিঃ সংগৃহিত

নওগাঁর নিয়ামতপুর এবং মহাদেবপুর উপজেলায় বজ্রপাতে দুই কৃষকসহ তিনজন নিহত হয়েছেন। 

আজ বুধবার (০৬ মে) দুপুরে উপজেলার চন্দননগর ইউনিয়নের রামনগর গ্রামে এবং হাজিনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে। 

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, হাজিনগর ইউনিয়নে জমিতে ধান কাটার সময় আকস্মিক বজ্রপাতে এক শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন। নিহত শ্রমিক খাসের হাট ঊঠাপাড়া এলাকার বাসিন্দা। তবে তার নাম পরিচয় জানা যায়নি। এছাড়া চন্দননগর ইউনিয়নের রামনগর গ্রামে জমি থেকে ধান তুলতে গিয়ে বজ্রপাতে অনুকূল চন্দ্র মাহন্ত নামে আরও একজন নিহত হয়।

অপরদিকে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক একজনের নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলার খাজুর উনিয়নের কুড়াপাড়া গ্রামে জমিতে কাজ করার সময় বজ্রপাতে দিলিপ চন্দ্র বর্মন নামে এক কৃষক নিহত হয়।